সিলেট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ বাজারে শনিবার দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে।
আহত স্থানীয় হিরা মিয়া (৩৫), সোহেল আহমদ (১৭) ও খলিলকে (৩০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরা মিয়ার ভাই হাজী আনোয়ার মিয়ার সঙ্গে একই এলাকার হেলাল আহমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে হেলাল আহমদ তার কয়েকজন সঙ্গী নিয়ে দুপুরে হিরার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালান।
ঘটনার পর এলাকাবাসী হামলাকরীদের ফেলে যাওয়া একটি রিভলবার উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে রাত ১১টায় ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩০০ ঘ.
bdnews24