ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) এর নেতা গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
জামিনে ছাড়া পেয়ে হুজিকে সংগঠিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার ভোরে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে।
মোস্তফাকে বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আব্দুস সালামের আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত চারদিন মঞ্জুর করে।
গ্রেপ্তারের পর দুপুরে ঢাকায় ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে মোস্তফাকে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক জানান, মোস্তফা দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তিনি ব্রিটিশ সরকারের তালিকাভুক্ত জঙ্গি। তার বিরুদ্ধে অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেদেশে মামলা আছে।
তিনি আরো জানান, লন্ডন পুলিশ মোস্তফাকে কয়েক দফা গ্রেপ্তারের চেষ্টা চালালে তিনি বাংলাদেশে চলে আসেন। এরপর ২০০৭ সালের ২ ডিসেম্বর র্যাব বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তখন তার কাছ থেকে ব্রিটিশ সরকারের পাসপোর্ট, একটি পিস্তল, গুলির ম্যাগজিন এবং পাঁচটি জিহাদি বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ের মামলায় মোস্তফার ১৭ বছরের কারাদণ্ড হয়। গত জানুয়ারিতে হাইকোর্ট থেকে তিনি জামিন পান।
শহীদুল হক বলেন, জামিনে বেরিয়ে মোস্তফা হুজিকে সংগঠিত করতে এবং নানা অপরাধমূলক কাজ শুরু করেন। হুজি নেতা মাওলানা আব্দুস সালামসহ অন্যান্য জঙ্গিকে জামিনে মুক্ত করার চেষ্টাও চালান তিনি। এর আগে মোস্তফা আফগানিস্থানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন। তিনি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে অর্থ জোগানের কাজ করতেন।
ইন্টারপোলের মাধ্যমে যুক্তরাজ্যের কাছ থেকে মোস্তফা সম্পর্কে আরো তথ্য জানা হবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, তার স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার হাজারীবাগে তার শ্বশুরবাড়ি থেকে একটি ইসলামী রাজনীতির বই, আফগান মুজাহিদদের যুদ্ধের ছবি সংবলিত বই এবং বোমা ও গ্রেনেড তৈরির কলাকৌশলের বই উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিবি/এজে/১১২৩ ঘ.
bdnews24