২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে মুজিবনগর দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 04:41 AM

Updated : 24 Aug 2022, 08:34 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার এ দিন উপলক্ষে ঢাকার পাশাপাশি এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে মেহেরপুরে অনুষ্ঠান হচ্ছে। ঢাকায় সকাল ৭টার দিকে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দেন তারা। মেহেরপুরে সকাল ১০টার দিকে স্থানীয় সরকারমন্ত্রী ও মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা একে একে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে ১৯৭১ সালে ঐতিহাসিক মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারীদের মধ্যে বেঁচে থাকা চারজনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। মুজিবনগর স্মৃতিসৌধের পাশে নির্মিত শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ। দিবসটি উপলক্ষে মুজিবনগরে বিকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ গণসঙ্গীত পরিবেশন করবে। বিকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এজে/১০২৬ ঘ.