২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ক্লাস-পরীক্ষা তিনদিন স্থগিত

গ্রামবাসীর হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রলীগকর্মী মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়েছে। আহত অপর চারজন চিকিৎসাধীন আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামবাসীর হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রলীগকর্মী মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়েছে। আহত অপর চারজন চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাস সংলগ্ন গ্রামের কয়েকজন যুবক ছাত্রদের ওপর এ হামলা চালায়। শুক্রবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের মৃত্যু হয়। এ ঘটনায় আগামী তিনদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনি, রবি ও সোমবার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকবে। এ সময় চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী শাটল ট্রেনও বন্ধ থাকবে। শুক্রবার রাতে উপাচার্য ড. আবু ইউসুফের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান। ছাত্রলীগ এ হামলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিবিরকে দায়ী করে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। এছাড়া উপাচার্য, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টাসহ ডিসিপ্লিনারি কমিটির এক সদস্যের পদত্যাগ, ক্যাম্পাস ফাঁড়ির দায়িত্বে থাকা এক পুলিশ পরিদর্শক প্রত্যাহার, আসাদুজ্জামানের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি এবং গ্রেপ্তার পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সরকার সমর্থক এই সংগঠনটি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাস ও বহিরাগত শিবির সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ছাত্রলীগের এই অভিযোগের বিষয়ে প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, ছাত্রলীগের এসব অভিযোগের বিষয়ে প্রশাসন আনুষ্ঠানিক বক্তব্য দেবে। বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি শামসুদ্দিন আহম্মেদ বলেন, "ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন আসাদুজ্জামান। আমাদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না।" আসাদের সঙ্গী রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীর হোসেন মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টেশন চত্বরে আড্ডা দেয়ার সময় বহিরাগত কিছু লোক অতর্কিত হামলা চালায়। আমরা পালিয়ে ক্যাম্পাসে আসতে পারলেও আসাদুজ্জামান আসতে পারেনি।" পরে খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা স্টেশন চত্বর এলাকায় গিয়ে ছুরিকাহত আসাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র আসাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিটি গ্রামে। তার বাবার নাম তাজুল ইসলাম খান। হাটহাজারী থানার উপপরিদর্শক আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, হামলার পর ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটক থেকে কয়েকশ গজ দূরে ১ নম্বর রেল গেট এলাকায় গিয়ে বেশ কিছু দোকানপাট ভাংচুর করে। এসময় এলাকাবাসীও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়, যা রাত প্রায় ৩টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ছাত্রলীগের এক নেতাসহ পাঁচ ছাত্রকে কিরিচ ও রামদাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সংগঠনের কর্মী আক্তারুল হক, রাসেল বড়