২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে এক 'বখাটে' গ্রেপ্তার

এক মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 08:31 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ। আব্দুর রহিম (২৬) নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বলে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গোনতা আলিয়া মাদ্রাসার এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রহিমসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়। সে মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান। রহিমের বাড়ি তাড়াশ উপজেলার পাড়ি গ্রামে। মামলার অন্য তিন আসামিরা ওই গ্রামেরই শিহাব (২২), রেজাউল (২১) এবং আব্দুল মোতালেব (২৩)। বখাটেদের উৎপাতে দেশের কয়েকটি স্থানে কয়েকজন ছাত্রী আত্মহত্যা করে বলে অভিযোগ ওঠার পর পুলিশ এ বিষয়ে সতর্ক হয়। বখাটেদের উৎপাত বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সারাদেশে পুলিশ সুপারদের নির্দেশ দেওয়ার কথাও সাংবাদিকদের জানান পুলিশপ্রধান নূর মোহাম্মদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.