রংপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে এমএলএসএস পদে লিখিত পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীরা শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
এ সময় পুলিশের লাঠিপোটায় ১০ জন আহত হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সরকারি দপ্তরে এমএলএসএস পদে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা শুক্রবার সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হওয়ার কথা ছিলো।
পরীক্ষার্থীরা জানান, তারা পরীক্ষা দিতে এসে জানতে পারেন পরীক্ষা হবে না।
এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে পরীক্ষা স্থগিতের নোটিশ দেখতে পান। তবে সেখানে কারো স্বাক্ষর ছিলো না।
এতে প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ও দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।
জেলা প্রশাসক বিএম এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৮৪টি পদের বিপরীতে ৭ হাজার ৩০০ আবেদনকারীর লিখিত পরীক্ষার প্রবেশ পত্র ইস্যু করা হয়েছে। প্রবেশপত্রে ভুল থাকায় এবং দুদিন আগে ঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।"
তবে চাকরি প্রার্থীদের অভিযোগ, জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। যদিও জেলা প্রশাসক এ অভিযোগ নাকচ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫০ ঘ.
bdnews24