২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

চট্টগ্রামের বায়েজীদ থানার ওয়াজেদিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 07:35 AM

Updated : 24 Aug 2022, 08:32 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজীদ থানার ওয়াজেদিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত জসিম উদ্দিন ওরফে ফাইভস্টার জসিমের (৩০) বাড়ি বায়েজীদ থানার দারোগা বাড়ি এলাকায়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব সদস্যরা শুক্রবার ভোররাত ৩টার দিকে বায়েজিদ থানার অনন্যা আবসিক এলাকার ওয়াজেদিয়া নামক স্থানে অভিযান চালায়। "এসময় জসিম ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসী জসিম গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মৃত।" তিনি জানান, র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি এলজি ও দু রাউন্ড গুলি উদ্ধার করেছে। জসিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলাসহ ১৪টি মামলা আছে উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা সাইদুল জানান, তার অপর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, "শুনেছি জসিম ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো।" এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৩২২ ঘ.