চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে গণপিটুনিতে চট্টগ্রামের বোয়ালখালীতে তিনজন নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে কদুরখীল ইউনিয়নের কৈবর্ত্যপাড়ায় এ ঘটনা ঘটে বলে বোয়ালখালী থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন।
নিহতদের নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
পুলিশ কর্মকর্তা মালেক স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৪টার দিকে কৈবর্ত্যপাড়ায় ডাকাত সন্দেহে ছয় যুবককে ধাওয়া দেয় স্থানীয়রা। তিনজনকে ধরে ব্যাপক মারধর করে। অন্য তিনজন গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
গণপিটুনিতে তিনজন ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়।
ছয় যুবক একটি সিএনজি অটোরিকশা করে ডাকাতি করতে গিয়েছিলো বলে স্থানীয়দের অভিযোগ।
তারা বলছেন, পাহারাদাররা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামের ৭-৮শ লোকজন জড়ো হয়ে যুবকদের ধাওয়া করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে। লাশ তিনটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24