২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে আরেক বিডিআর সদস্যের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি আরো এক বিডিআর সদস্য মারা গেছেন। এ নিয়ে এ কারাগারের বন্দি অবস্থায় চার বিডিআর সদস্য মারা গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 05:59 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

গাজীপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি আরো এক বিডিআর সদস্য মারা গেছেন। এ নিয়ে এ কারাগারের বন্দি অবস্থায় চার বিডিআর সদস্য মারা গেলেন। কাশিমপুর কারাগারের কারারক্ষক (জেলার) মো. মতিয়ার রহমান জানান, বুধবার বিকাল পৌনে পাঁচটায় কারাগারের সুরমা ভবনের তৃতীয় তলায় বন্দি বিডিআর সদস্য মো. জয়নাল আবেদীন (৫৫) অজু করতে গিয়ে পড়ে যান। তাকে প্রথমে কারা হাসপাতাল নেওয়া হয়। পরে বিকাল ৬টার দিকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। গাজীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. কমর উদ্দিন সাংবাদিকদের জানান, জয়নালকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। জয়নাল ২৪ রাইফেলস ব্যাটালিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন। পিলখানায় বিদ্রোহের ঘটনায় লালবাগ থানায় করা মামলার আসামি তিনি। তার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার চালনা গ্রামে। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের পর এ পর্যন্ত প্রায় ৬০ বিডিআর সদস্য মারা গেছে বলে গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে। কারাগারের উপ- কারারক্ষক (ডেপুটি জেলার) মো. শাহরিয়ার জানান, ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে জয়নাল আবেদীনের লাশ তার ছোট ভাই এজাহার উদ্দিন ভূঁইয়ার কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, ২০০৯ সালের ১১ এপ্রিল জয়নালকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার পাঠানো হয়। ওই বছরের ২৬ জুন তাকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। কাশিমপুর কারাগারে এ বছর ৮ এপ্রিল মারা যান ১৩ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য মো. বায়োজী উজ্জামান (৫১), ১৭ ফেব্র"য়ারি ৫ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক সুবেদার গোলাম মোস্তাফা (৪৭) এবং ২ মার্চ বিডিআর সদর দপ্তরের রাইফেল সিকিউরিটি ইউনিটের হাবিলদার মো. এনামুল হক (৫২) মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫২ ঘ.