২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা এখনো ঢাবি হলে

২১ ফেব্র"য়ারিতে এক তরুণীকে লাঞ্ছনার ঘটনায় বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রই ছাত্রাবাসে নিয়মিত থাকছেন ও শিক্ষার্থী হিসেবে অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 05:01 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ ফেব্র"য়ারিতে এক তরুণীকে লাঞ্ছনার ঘটনায় বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রই ছাত্রাবাসে নিয়মিত থাকছেন ও শিক্ষার্থী হিসেবে অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন। সরকার সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী হওয়ায় হল প্রশাসন এই শিক্ষার্থীদের প্রতি নমনীয় আচরণ করছে অভিযোগ উঠেছে। ঘটনার কিছুদিন পর এক হলের ছাত্রলীগ কমিটিতে পদও পেয়েছেন বহিষ্কৃত দুই ছাত্র। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, হল পর্যায়ে শাস্তি কাযর্কর না করার অভিযোগ নিয়ে তিনি হল প্রশাসনকে জিজ্ঞেস করবেন। বহিষ্কৃত পাঁচ ছাত্র হলেন- আশিকুল ইসলাম সেতু (মার্কেটিং প্রথম বর্ষ, জসিমউদ্দীন হল), আপেল মাহমুদ বিপ্লব (ইসলামিক স্টাডিজ, প্রথম বর্ষ, মুহসিন হল), সামশ-ই-নোমান (সমাজকল্যাণ, প্রথম বর্ষ, জহুরুল হক হল), মোরশেদুল ইসলাম (সমাজবিজ্ঞান প্রথম বর্ষ, জহুরুল হক হল) ও আকরামুল হক নিটল (লোক প্রশাসন, দ্বিতীয় বর্ষ, মুহসিন হল)। তরুণী লাঞ্ছনার ঘটনায় এদের ছাড়া আরো চার ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই চার ছাত্রও সরকার সমর্থক বলে জানা গেছে। গত ২৪ মার্চ গঠিত মুহসিন হল ছাত্রলীগ কমিটিতে আকরামুল হক নিটলকে সহ সম্পাদক এবং আপেল মাহমুদ বিপ্লবকে সদস্য করা হয়। ঘটনার মূল হোতা বলে অভিযুক্ত সেতু জসীম উদ্দীন হল ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান জীবনের পক্ষে বিশ্ববিদ্যালয়ে সক্রিয়। জীবনের অনুসারী সেতু জসীম উদ্দীন হলের ৩১৬ নম্বর কক্ষে থাকেন। অন্য বহিষ্কৃত জহুরুল হক হলের সামশ-ই-নোমান ওই হলের ৪০০৯ নম্বর রুমে থাকেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানকে জিজ্ঞ্যেস করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়মানুযায়ী সাময়িক বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ের কোনো সুবিধা নিতে পারে না। তারা হলেও থাকতে পারেন না। তবে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব হল কর্তৃপক্ষের।" হল কর্তৃপক্ষকে বহিষ্কারাদেশের চিঠি বহু আগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। জহুরুল হক হলের প্রাধ্যক্ষ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে আমরা প্রক্টর অফিস থেকে কোনো কাগজপত্র পাইনি। আমাদের হলের কেউ জড়িত কি না সেটাও আমার জানা নেই।" জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের হলের বহিষ্কৃত ছাত্র হলে থাকে কি না সেটা এ মুহূর্তে বলতে পারছি না। তবে থাকলে আমরা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।" মুহসিন হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস বলেন, "এ ব্যাপারে আমি এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। প্রক্টর অফিস আমাদেরকে চিঠি দিয়েছিলো কি না সেটাও জানি না।" বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হল পর্যায়ে বহিষ্কারাদেশ যদি বাস্তবায়ন না হয়ে থাকে সেটা প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করবো।" তরুণী লাঞ্ছনাকারীরা আইন অনুযায়ী শাস্তি পাবেন বলে জানান তিনি। গত ২১ ফেব্র"য়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে কথা বলতে রাজি না হওয়ায় পুরান ঢাকার এক তরুণী ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে লাঞ্ছিত হন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় তরুণীসহ পাঁচজন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০০ ঘ.