ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিন পিছিয়ে আগামী ২০ এপ্রিল উদ্বোধন হবে বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংযোগ সড়ক উদ্বোধন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা।
উদ্বোধনের পরই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে হবে বলে জানান তিনি।
বহুল আলোচিত ও বিতর্কিত ১৮ তলা র্যাংগস ভবন ভেঙে বিজয় স্মরণি থেকে তেজগাঁও পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি তৈরি হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় র্যাংগস ভবন ভাঙা হয়।
পরে রাজধানীর পূর্ব-পশ্চিমমুখী সড়ক বাড়াতে সেখানে সড়ক তৈরির উদ্যোগ নেওয়া হয়।
আগের নির্ধারিত সময় অনুযায়ী ১৬ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় এ সড়কের উদ্বোধন হওয়ার কথা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবারই এ সময় পেছানোর জন্য রাজউককে জানানো হয়।
নূরুল হুদা জানান, সড়কটি উদ্বোধনে রাজউক প্রস্তুত। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেষ মুহূর্তে সময় পেছাতে বলা হয়। অনিবার্য এ কারণে সড়কটির উদ্বোধন পেছানো হয়েছে।
সড়ক তৈরির কাজ বাস্তবায়ন করেছে রাজউক। এক দশমিক চার কিলোমিটার দীর্ঘ এ সড়ক বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে একশ ১৪ কোটি টাকা। এর মধ্যে সড়ক রয়েছে চারশ ৪৫ মিটার এবং রেললাইনের ওপর দিয়ে উড়াল সেতু ছয়শ ৬৯ মিটার।
সড়ক বাস্তবায়নে যে অর্থ ব্যয় হয়েছে মাত্র চার কোটি পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে সড়ক তৈরিতে। ৪৯ কোটি টাকা ব্যয় হয় উড়াল সেতু তৈরিতে। বাকি টাকা ব্যয় হয়েছে জমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২১৩ ঘ.
bdnews24