নারায়ণগঞ্জ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট খেলার সময় মাঠে মোটরসাইকেল নিয়ে ঢোকার প্রতিবাদ করার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম- সাইফুল ইসলা খৈয়াম (২২)। তিনি ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির তড়িৎকৌশল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
বুধবার রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সাইফুল ইসলাম খৈয়াম বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগের কর্মচারী ও রেডিও টেলিভিশনের কন্ঠশিল্পী শরাফুল ইসলামের একমাত্র ছেলে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার পাঁচছড়ায়।
শরাফুল ইসলামের বাসা রয়েছে ফতুল্লার পঞ্চবটি এলাকায়। এক সময় তিনি সপরিবারে পঞ্চবটির এই সরকারি কোয়ার্টারে থাকতেন। এখন থাকেন ঢাকার মিরপুরে। তবে পঞ্চবটি কোয়ার্টারে থাকেন তার বড় মেয়ে সাবিরা।
সাবিরা ফতুল্লার পাগলায় বাটা ফ্লাইয়ের শো-রুমের সহকারী ব্যবস্থাপক। ছোট মেয়ে সামিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
সাইফুল ইসলাম খৈয়াম মাঝে মাঝে এসে বোনের সঙ্গে থাকতেন পঞ্চবটির বাসায়।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খৈয়াম ঢাকা থেকে ফতুল্লায় আসেন। বুধবার বিকালে খৈয়াম তার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যান শাসনগাঁও মাঠে।
খেলা চলাকালে পবন নামের একজন মোটরসাইকেল নিয়ে মাঠে ঢোকে। খৈয়াম ও তার বন্ধুরা এর প্রতিবাদ জানালে দু'পক্ষের বাগবিতণ্ডা হয়।
খেলা শেষে ফেরার পথে রাত সাড়ে ৭টার দিকে খৈয়াম ও তার বন্ধুদের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।
তারা খৈয়ামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে ঘটনা সর্ম্পকে জানার জন্য নিহত খৈয়ামের তিন বন্ধু কামরুল (২১), মোহাম্মদ আলী (২০) ও সাকিলকে (২২) থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। নিহত খৈয়ামের বাবা শরাফুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24