২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

রংপুর শহরের গনেশপুর এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 10:17 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

রংপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের গনেশপুর এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গনেশপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশে যাওয়া দ্রুতগামী একটি বিআরটিসি বাস একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশারোহী আরিফ (১৪) ও বাঁধন (১৪) নামে দুই স্কুল ছাত্র গুরতর আহত হয়। তারা স্কুল থেকে বাসায় ফিরছিলো। আহত অবস্থায় আরিফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। অপর আহত স্কুল ছাত্র বাঁধনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আরিফ রংপুর শিশু নিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম নুরুজ্জামান, বাড়ি মধ্য গনেশপুর মহল্লায়। অপর আহত বাঁধনের বাড়িও গনেশপুরে। বাসটি দুই স্কুল ছাত্রকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হোটেলে ঢুকে পড়ে। এতে হোটেলটির ব্যাপক ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬০০ ঘ.