২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরবাসীর পান্তা-ইলিশ

পান্তা অর্থাৎ বাসি ভাত দেশের গ্রামাঞ্চলে নিত্যকার খাবার হলেও বরাবরের মতো এবারো পহেলা বৈশাখে নগরজুড়ে তা খাওয়ার ধুম পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 09:15 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পান্তা অর্থাৎ বাসি ভাত দেশের গ্রামাঞ্চলে নিত্যকার খাবার হলেও বরাবরের মতো এবারো পহেলা বৈশাখে নগরজুড়ে তা খাওয়ার ধুম পড়ে। তবে পার্থক্য এটুকু যে গ্রামে পান্তার সঙ্গে ইলিশ প্রায়ই না থাকলেও শহরের বৈশাখ উদযাপনে পান্তার সঙ্গে আছে জাতীয় মাছ। রাজধানীতে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরেই হয় বর্ষবরণের মূল অনুষ্ঠান। এছাড়া ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠান ঘিরে ছিলো পান্তা-ইলিশের আয়োজন। এক দিনের জন্য অনেকে হয়ে যান পান্তা-ইলিশ বিক্রেতা। তেমনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অপূর্ব আহমেদ। কয়েকজন বন্ধু মিলে মাওয়া থেকে ইলিশ মাছ কিনে এনেছেন তারা। দোকান বসিয়েছেন ক্যাম্পাসে। অপূর্ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজন মিলে শখের বশে এবারই প্রথম পান্তা ইলিশ বিক্রির দোকান দিয়েছি।" প্রতি প্লেট পান্তা-ইলিশ ৬০ টাকা করে বিক্রি করছেন তারা। নতুন বছরের প্রথম দিনে নগরে পান্তা-ইলিশ খাওয়ার শুরুটা কীভাবে হয়েছিলো- জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৭০ এর দশকে পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার প্রচলন শুরু হয়। চিরায়ত সংস্কৃতি চর্চার মাধ্যমে ধর্মান্ধ, কুসংস্কার, মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ যখন শুরু হয়, প্রতিবাদের ভাষা হিসেবে পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার একটি প্রবণতা দেখা যায়।" তবে তিনি একইসঙ্গে বলেন, "ছোটবেলায় গ্রামে যে পান্তা খেয়েছি, তার সঙ্গে আজকের বাহারি আয়োজনের ফারাক অনেক।" "বাঙালি শুধু পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খেয়ে বাঙালি হয়ে উঠার চেষ্টা করে", মন্তব্য এ অধ্যাপকের। সৌখিন বিক্রেতারা ছাড়াও রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয়ও পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা-ইলিশের আয়োজন রয়েছে। ধানমণ্ডির কড়াই গোশত রেস্তোরাঁর ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এ আয়োজন প্রতি বছরই করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫০০ ঘ.