ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তালিকাভুক্ত একশ ছয় হজ এজেন্সির বিরুদ্ধে চলতি মাসেই ব্যবস্থা নেওয়া হবে।
সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ ঘোষণার সংবাদ সম্মেলনে একথা বলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত যুগ্ম সচিব কামালউদ্দিন আহমেদ।
ঘোষিত প্যাকেজে বলা হয়, গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজে দুই লাখ ২০ হাজার পাঁচশ ৫০ টাকা নেওয়া হয়। এবার নেওয়া হবে দুই লাখ ২৮ হাজার ছয়শ ১৫ টাকা লাগবে। এতে আগের বছরের মতো কোরবানির আট হাজার টাকা থাকবে না।
এবার কোরবানির টাকা হাজীদের ব্যক্তিগতভাবে নিয়ে যেতে হবে। বিমান ও বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক কারণে এবার সরকারি ব্যবস্থাপনায় ব্যয় বাড়ানো হয়েছে।
বেসরকারি ব্যবস্থাপনা প্রসঙ্গে কামালউদ্দিন বলেন, "হজ এজেন্সিগুলো নিজেরা সুবিধামতো প্যাকেজ নির্ধারণ করবে। তবে এবার কোন এজেন্সি দু'টির বেশি প্যাকেজ ঘোষণা করতে পারবে না।
"সরকারের সঙ্গে চুক্তি না করে কোন এজেন্সি প্যাকেজ ঘোষণা করতে পারবে না।"
হাজী পরিবহনে সরকারের তালিকাভুক্ত আড়াইশ এজেন্সির মধ্যে একশ সাতটির বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিমধ্যে একটি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে ধর্ম মন্ত্রণালয়।
আগামী হজ মৌসুমে নতুন কোন এজেন্সিকে হাজী পাঠানোর অনুমোদন দেওয়া হবে না বলে জানান কামালউদ্দিন।
২০০৬ সালে সর্বশেষ হাজী পাঠানোর জন্য নতুন হজ এজেন্সিকে লাইসেন্স দেওয়া হয়। তবে ওমরাহ'র জন্য নতুন এজেন্সিকে লাইসেন্স দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঘোষিত প্যাকেজে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার নিয়ে মোট ৭৫ হাজার জন হজে যেতে পারবেন।
গত বছর এ সংখ্যা ছিল ৫৮ হাজার ৪৮৯ জন। এর মধ্যে হজ এজেন্সির অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে হজে যেতে পারেনি ৫৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় হাজী পাঠায় দুশ ৩১টি এজেন্সি।
২০০৯ সালে হজ ব্যবস্থাপনা এবং হাজীদের হয়রানির অভিযোগ ওঠা এজেন্সিগুলোর বিরুদ্ধে কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে? এ প্রশ্নের জবাবে যুগ্ম-সচিব বলেন, "অভিযোগের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসের মধ্যেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।"
অভিযোগ ওঠা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর নতুন করে প্রায় ২০ হাজার অতিরিক্ত হাজী পাঠানোয় সমস্যা হবে কি না সে বিষয়ে কিছু বলেননি কামালউদ্দিন।
তিনি জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে যেতে আগ্রহীদের আগামী ২২ জুনের মধ্যে মোয়াল্লেম ফিসহ অন্য চার্জ জমা দিতে হবে।
ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সিকে ফোন নম্বরসহ হাজীদের তালিকা সরকারি অফিসে জমা দিতে হবে। এ সময়ের বাইরে কোন এজেন্সি ব্যাংকে টাকা জমা দিতে পারবে না।
২৫ জুনের মধ্যে হজযাত্রীদের নামের পুলিশ ছাড়পত্র ও স্বাস্থ্যগত পরীক্ষার তালিকা সংশ্লিষ্টদের কাছে পাঠাবে হজ অফিস।
জাহাজে হাজী পরিবহনের সম্ভাবনা নাকচ করে যুগ্ন সচিব বলেন, "এ ধরণের কোন চিন্তাভাবনা আমরা আপাতত করছি না। আর সৌদি আরব বর্তমানে নৌপথে কোন হাজী নিচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৫৫ ঘ.
bdnews24