২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম চড়া, তবুও ইলিশ চাই

অন্য সময়ের চেয়ে দাম অনেক বেশি হলেও বর্ষশুরুর ঠিক আগে বাজারমুখী অনেকেরই লক্ষ্য ইলিশ কেনা। কামাল হোসেন তালুকদারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 09:15 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি ইলিশ মাছ কিনে হাঁফ ছাড়লেন ৭২ বছর বয়সী সেকান্দার আলী। নাতি হাসান আর নাতনি আরিফার বৈশাখ মাসের পহেলা তারিখে ইলিশ মাছ চাইই চাই। তাই তার বাজারে আসা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার রথখোলার বাসা থেকে সেকান্দার নয়াবাজার যান ইলিশ কিনতে। বাজারের বিভিন্ন দোকানে এক ঘণ্টা ঘুরেও ইলিশ কিনতে পারলেন না, কারণ দাম। চৈত্রের তাপ বাড়তে শুরু করল। একটু জিরোনোর জন্য একটি ছাউনির নিচে দাঁড়িয়েছিলেন তিনি। সাংবাদিক পরিচয় দিয়ে এ প্রতিবেদক কথা বলতে চাইলে তিনি বলেন, "ইলিশ মাছ! অনেক দাম! কিন্তু নাতি-নাতনির আবদার রক্ষা করতে ইলিশ কিনতে হবে।" ৫০০ টাকা নিয়ে এসেছিলেন সেকান্দার। ইলিশের পাশাপাশি অন্য বাজারও সারতে হবে এ টাকায়। পরে জাটকা থেকে একটু বড় দুটি ইলিশ ৩০০ টাকা দিয়ে কিনতে পারলেন তিনি। ইসলামবাগ থেকে সোয়ারীঘাট মাছ বাজারে ইলিশ কিনতে আসা মো. গাফফার জানান, চারটি ৩০০ গ্রামের ইলিশ তিনি কিনেছেন ১১শ টাকা দিয়ে। অর্থাৎ প্রতি ১০০ গ্রামের দাম পড়েছে প্রায় ১০০ টাকা। "অন্য সময় এ সাইজের চারটি মাছের দাম ৩০০ টাকা", বলেন তিনি। বাংলা নতুন বছর শুরু হচ্ছে বুধবার। নগরে বর্ষাবরণের অন্যতম অনুসঙ্গ পান্তা-ইলিশ। অন্য সময় যা হোক, এদিন পান্তা-ইলিশ খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় ভিড় দেখা যায়। ঢাকায় ইলিশ আসে মূলত দক্ষিণাঞ্চল থেকে। ইলিশ আনেন এমন একজন সামছুদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিন পর ইলিশ পেলাম। "ভোলা থেকে ঢাকায় ইলিশ আনতে বরিশালের কালীগঞ্জ ঘাটে, চাঁদপুরে ও ফতুল্লায় কোস্টগার্ড তল্লাশি করেছে। জাটকা মাছ আছে কিনা দেখতে তারা টুকরি কেটে মাছ ওলট-পালট করেছে। এতে অনেক মাছ নষ্ট হয়েছে।" তল্লাশির সময় কোস্টগার্ড সদস্যরা তার ১৬২টি বড় ইলিশ মাছ রেখে দিয়েছে বলে অভিযোগ করেন সামছুদ্দিন। পাইকারী ব্যবসায়ী মো. সাহাবুদ্দিন অভিযোগ করেন, "ভোলায় পুলিশকে টাকা না দিলে বড় ইলিশ ঢাকা আসতে পারে না।" মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় সোয়ারীঘাট মাছ বাজারে গিয়ে দেখা যায়, এক কেজি ওজনের চারটি ইলিশের দাম হাঁকা হয়েছে ৬ হাজার ৮০০ টাকা। আর দেড় কেজি ওজনের দুটির দাম ৬ হাজার টাকা। লালবাগের আব্দুল মান্নান জানান, চারটি ৭৫০ গ্রামের ইলিশ তিনি কিনেছেন ৪ হাজার টাকায়। জাটকা ইলিশের বিক্রি বন্ধে অভিযান চালালেও সোয়ারীঘাটে দেখা গেল পাঁচ কেজি জাটকা ৫০০ টাকায় বিক্রি হতে। মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, "চিংড়ি মাছের দাম চাচ্ছি ৩০০ টাকা, নলা ৯০ টাকা, দেশি রুই মাছ ২০০ টাকা, কাতলা ১০০ টাকা। তবুও ক্রেতা নেই। সবাই চায় ইলিশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০০ ঘ.