নীলফামারী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে।
গত এক সপ্তাহে জেলার ছয়টি উপজেলায় অন্তত দুই হাজার ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।
তবে কোনো মৃত্যুর ঘটনা নেই বলে জানান জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ আকন্দ।
তীব্র গরমের কারণে ডায়রিয়াসহ নানা ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে বলে তিনি জানান।
পরিস্থিতি মোকাবেলা করতে জেলায় আটটি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত খাবার খেলেও প্রচণ্ড গরমে মানুষের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম গঠনের পাশাপাশি মজুদ রয়েছে দুই হাজার ব্যাগ স্যালাইন।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত নার্স নাজমা পারভীন জানান, প্রতিদিন গড়ে ৩০ জন রোগী ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।
আর আউটডোরে ৫০ জন রোগী খাবার স্যালাইন ও চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।
নাজমা আরো জানান, এই হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ১০। এক বিছানায় দু'জন করে রোগী রাখা হয়েছে। কাউকে কাউকে মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০১৫ ঘ.
bdnews24