সাভার, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
শ্রমিকরা সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন এবং তিনটি কারখনা ভাংচুর করে। আগুন ধরিয়ে দেয় একটি কারখানার সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট ছোড়ে।
সোমবার সকালে সাভারের কলমা এলাকার নাভানা টেক্সটাইল লিমিটেড এর সোয়েটার ইউনিটের শ্রমিকদের বিক্ষোভের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকার ১৬-১৭টি কারখানায় ওইদিনের জন্য ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।
পরিস্থিতির অবনতি ঠেকাতে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার থেকেই নাভানা টেক্সটাইল লিমিটেড-এ শ্রমিক অসন্তোষ চলে আসছিল।
সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে- কারখানার কিছু মেশিন অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। শ্রমিকরা এর প্রতিবাদ করলে কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকরা কর্মকর্তাদের ওপর চড়াও হয়।
পরে মালিক পক্ষের বহিরাগতরা এসে শ্রমিকদের কারখানা থেকে বের করে দিয়ে মূল ফটক বন্ধ করে দেয়।
সকাল সাড়ে ৯ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে অবরোধ করে সিএন্ডবি-আশুলিয়া সড়ক। তারা বাইরে থেকে ইট ছুড়ে পাশের হট ড্রেস লিমিটেড ও নিউ হরাইজন (বিডি) লিমিটেড কারখানা ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।
শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ভাংচুর করে কয়েকটি যানবাহন। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোড়ে। আধা ঘণ্টাব্যাপী শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়ায় সাভার থানার ওসি এ কে এম নাসির উল্যাহ ও পাঁচ পুলিশ সদস্য এবং প্রায় ৪০ জন শ্রমিক আহত হয়।
আহত পুলিশ সদস্য ও শ্রমিকদের নাম জানা যায়নি।
পুলিশের ধাওয়ার মুখে শ্রমিকরা বেলা ১১ টার দিকে প্রায় এক কিলোমিটার পূর্বে সড়কের পাশের সেঞ্চুরি ডিজাইন এন্ড ফ্যাশন (প্রা.) লিমিটেডে হামলা চালায়। ভাংচুর করে কারখানার জানালা দরজার কাচ।
শ্রমিকরা ভেতর থেকে আসবাব ও কাগজপত্র এনে কারখানার সামনে আগুন ধরিয়ে দেয়। তারা কারখানাটির শ্রমিক কলোনিতে হামলা ও ভাংচুর চালায়।
তাদের ইটপাটকেলে আহত হয় ওই কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মতিন, নিরপত্তাকর্মী আব্দুল আওয়াল, জালাল মিয়া, তত্ত্বাবধায়ক রিয়াজ।
সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেঞ্চুরি ডিজাইন এন্ড ফ্যাশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নুরুল আমিন সাংবাদিকদের বলেন, কিছু বুঝে ওঠার আগেই বহিরাগত শ্রমিকরা তাদের কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। আগুন ধরিয়ে দেয় কারখানার সামনে।
এ সময় কারখানার শ্রমিকদের সঙ্গে বহিরাগত ওই শ্রমিকদের সংঘর্ষ হয়। বহিরাগতরা শ্রমিকদের কলোনিতে হামলা ও লুটপাট চালায় বলে তিনি অভিযোগ করেন।
সাভার থানার ওসি এ কে এম নাসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তবে রাবার বুলেটে কেউ আহত হয়নি।
তিনি জানান, সংঘর্ঘ ও ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাভানা টেক্সটাইল লিমিটেড'র উপ মহাব্যবস্থাপক (উৎপাদন) জামাল উদ্দিন বহিরাগত দিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়ার বিষয় অস্বীকার করে সাংবাদিকদের বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই মেশিনগুলো অন্য কারখানায় স্থানান্তর করা হচ্ছিলো।
কারখানার পরিবেশকে অস্থিতিশীল করতেই শ্রমিকরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আশুলিয়ার পল্লী বিদ্যুত এলাকার পার্ল গামেন্টস কোম্পানির শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা লাগিয়ে দিয়ে অবরুদ্ধ করে রাখে কর্মকর্তাদের।
আশুলিয়া থানার ওসি ঘটনার সিরাজুল ইসলাম জানান, গত এক সপ্তাহে পার্ল গামেন্টস কোম্পানির ৫১ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। অনেকে তাদের পাওনা বুঝে পায়নি।
সকাল ১০ টার দিকে ছাঁটাইকৃত শ্রমিকদের কয়েকজন পাওনা নিতে আসেন। তখন এক কর্মকর্তার সঙ্গে সাদ্দাম হোসেন নামের এক শ্রমিকের বাগবিতণ্ডা হয়। ওই কর্মকর্তা তাকে মারধর করেন। এতে কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে কারখানার প্রায় ১৩শ' শ্রমিক বিক্ষোভ শুরু করে এবং মূল ফটকে তালা লাগিয়ে দেয়।
ওসি জানান, পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে। কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৭ ঘ.
bdnews24