কিশোরগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পাহাড়ি ঢলে মিঠামইন উপজেলার আরো একটি ফসলরক্ষা বাঁধ ভেঙে নতুন করে ছয় হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
পানি না বাড়লেও দাইরা নদীতে প্রবল স্রোতের কারণে সোমবার সকালে ঢাকি হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে যায় বলে জানিয়েছেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকি গ্রামের প্রায় ছয় হাজার একর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় দাইরা নদীতে পানি না বাড়লেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
তবে প্রবল স্রোতের কারণে আরো বাঁধ ভেঙ্গে যাওয়াসহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ রোববার দিনভর ইটনা ও মিঠামইন উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
তিনি এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নদী খননসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন স্পিকার।
গত ১০দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইনের হাওর অঞ্চলে ছোট বড় ২০টি বাঁধ ভেঙ্গে কয়েক হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৬ ঘ.
bdnews24