২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের অভিযোগে আটক ৩, দুজনকে মুক্তি

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 04:07 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ফেনী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোম ও রোববার তাদের আটক করা হয়। এদের মধ্যে সোনাগাজীতে আটক দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দাগনভূঞায় আটক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, উপজেলার আমানউল্ল্যাপুর গ্রামের মো. মোস্তফার ছেলে রাশেদ আল মামুন (২২) রোববার দুপুরে একজন স্কুলছাত্রীকে প্রথমে উত্যক্ত ও পরে জুতাপেটা করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। রাতেই পুলিশ রাশেদকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান। সোনাগাজী কলেজ রোডে স্কুল ও কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার দুপুরে মো. কনক (২২) ও কামাল উদ্দিন (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ওসি নিজাম উদ্দিন। কনক সোনাগাজী বালিকা বিদ্যালয়ের শিক্ষক সবুরা খাতুনের ছেলে। কামাল স্থানীয় বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে। রাতে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে ওসি জানান। তিনি জানান, কলেজ রোডের বিভিন্ন দোকানে গিয়ে বখাটে যুবকরা যাতে আড্ডা দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.