২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 02:22 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের অধীন আবাসিক হাউস সুনু মিয়া কমপ্লেক্স এর বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে সায়মা সুলতানা ওরফে এ্যানী নামের এই ছাত্রী আত্মহত্যা করেন বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী। এ্যানী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে এ্যানীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান। ছাত্রী হলের প্রাধ্যক্ষ ড. ইয়াসমিন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফোনে কারো সঙ্গে কথা বলে 'আপসেট' হওয়ায় এ ঘটনা ঘটাতে পারে। তিনি আরো বলেন, "এটা খুবই দু:খজনক ও পীড়াদায়ক। এ্যানীর মৃত্যুতে আমাদের অনেক বড় ক্ষতি হলো। এ ধরনের মৃত্যু কারো কাম্য নয়।" হলের ছাত্রীরা জানান, রাতে ঘুমাতে যাওয়ার আগে এ্যানী ফোনে কথা বলেন। তখনও তার আচরণ স্বাভাবিক ছিলো। ভোররাতে এক ছাত্রী বাথরুমের দরজা আটকানো দেখতে পায়। এ্যানীকেও তখন পাওয়া যাচ্ছিল না। পরে বাথরুমের দরজা ভেঙ্গে এ্যানীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। সকালে তার মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছালে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সিএসই বিভাগে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। বিভাগের শিক্ষক ও সহপাঠীরা সকাল থেকে হাসপাতালে এ্যানীকে দেখার জন্য ভিড় জমায়। এ সময় তাদের কান্নায় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সহপাঠী ও হলের ছাত্রীরা জানান, এ্যানী খুব শান্তু প্রকৃতির এবং মিশুক ছিলেন। এভাবে তিনি চলে যাবেন তারা সেটা কল্পনাও করতে পারেননি। গত বছর বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের চতুর্থবর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.