২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে সাড়ে ১২ হাজার র‌্যাব-পুলিশ

রাজধানীতে পহেলা বৈশাখে চার স্তরের নিরাপত্তা বলয়ে র‌্যাব-পুলিশের প্রায় সাড়ে ১২ হাজার সদস্য মোতায়েন থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 01:38 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে পহেলা বৈশাখে চার স্তরের নিরাপত্তা বলয়ে র‌্যাব-পুলিশের প্রায় সাড়ে ১২ হাজার সদস্য মোতায়েন থাকবে। রমনা এলাকায় নিয়োজিত থাকবে সাড়ে ছয় হাজার পুলিশ, এক হাজার র‌্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে বেলা ১১টায় শহীদুল বলেন, "অন্যবারের চেয়ে এবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার নামে বাড়াবাড়ি করা হবে না।" নাশকতার আশংকা থেকে নয়, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা জানান, রমনা বটমূলসহ রাজধানীর ১১৭টি স্থানে প্রায় ১০ হাজার পুলিশ নিয়োজিত থাকবে। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া রমনা এলাকায় চিকিৎসাসেবা ও হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে বিশেষ দল থাকবে। থাকবে সিসিটিভি ও মোবাইল টহল। রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে দুপুর ১টায় কর্নেল মতিউর রহমান জানান, র‌্যাব সদস্য, গোয়েন্দা সদস্য, বোমা নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়াড, মেডিকেল টিম ও ৩০টি সিসিটিভি তদারকির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে আটটি সিসিটিভি ক্যামেরা থাকবে বলে জানান তিনি। রমনা বটমূল এলাকায় এক হাজার র‌্যাব সদস্যসহ পুরো ঢাকায় আড়াই হাজার র‌্যাব মোতায়েন থাকবে। মঙ্গল শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব এডিজি। বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/এমএসবি/১৯৩০ ঘ.