২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কথা বলতে গেলে স্পিকার মাইক বন্ধ করে দেন'

সংসদে বিরোধীদলকে কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 02:48 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

সিলেট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদে বিরোধীদলকে কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, "বিরোধী দল কথা বলতে চাইলে স্পিকার মাইক বন্ধ করে দেন।" রোববার বিকেলে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন। নবম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন থেকে প্রধান বিরোধী দল বিএনপি সংসদ বর্জন করে। টানা ৬৫ দিন পর ১১ ফেব্র"য়ারি চতুর্থ অধিবেশনে আবার যোগ দেয়। গত ৫ এপ্রিল বিরোধী দল ছাড়াই চতুর্থ অধিবেশন শেষ হয়। বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, "আওয়ামী লীগ বহু দলীয় গণতন্ত্রের কথা বললেও সংসদকে তারা নিজেদের আলোচনার স্থান হিসেবে বেছে নিয়েছে। সংসদে শুধু আওয়ামী লীগের সদস্যদের কথা বলার সুযোগ দেওয়া হয়।" তিনি অভিযোগ করেন, দেশে বিরাজমান বিদ্যুৎ, পানি ও গ্যাস সমস্যার কথা না বলে সরকারি দলের সাংসদরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে ব্যঙ্গ করতে ব্যস্ত থাকেন। তারেক রহমানের কথিত দুর্নীতি নিয়ে অহেতুক আলোচনায় ব্যস্ত থাকেন তারা। ফারুক দাবি করেন, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এতে তিনি ভয় পান না। বিরোধীদলীয় চিফ হুইপ হয়েও সিলেট সার্কিট হাউস বরাদ্দ পাননি বলে তিনি অভিযোগ করেন। বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন- চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি দিলদার হোসেন সেলিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.