গাজীপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে অস্ত্রের মুখে একটি পোশাক কারখানার ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে সদরের পুবাইল এলাকায় এন এন এ ট্রাউজার নামের পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমানের গাড়ি আটকে অস্ত্রধারীরা টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।
জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর করিম সাংবাদিকদের জানান, ছিনতাইকারীরা কারখানার কর্মকর্তা মাহবুবের কাছ থেকে টাকা ছাড়াও একটি ল্যাপটপ, দুটি মোরাইল ফোন সেট নিয়ে একটি পিকআপে করে দ্রুত এলাকা ত্যাগ করে।
তিনি জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক পুলিশকে বলেছেন, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ৩৮ লাখ টাকা নিয়ে সকালে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে পাজেরো জিপে করে তিনি কারখানার দিকে রওনা দেন। তার সঙ্গে ছিলেন কারখানার প্রকৌশলী মিলন মিয়া।
দুপুর ১টার দিকে পুবাইলের হাসনাহেনা সুটিং স্পটের কাছে পৌঁছালে অস্ত্রধারীরা একটি পিক-আপ দিয়ে তার পথ আটকায়।
এ সময় মিলন জিপ থেকে নামলে ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং গাড়িতে থাকা টাকাভর্তি ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
যাওয়ার সময় তারা গাড়ির চাবিও নিয়ে যায় বলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব পুলিশকে জানিয়েছেন।
গত ৪ এপ্রিল গাজীপুরের ব্্িরটিশ আমেরিকান টোবাকো কোম্পাটির কার্যালয়ে ঢুকে গুলি করে ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২১ ঘ.
bdnews24