ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী অধিকার আন্দোলনের নেত্রী বেলা নবী শনিবার রাতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধানমণ্ডির ৩ নম্বর সড়কে মেয়ের বাসায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বেলা নবী দীর্ঘদিন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি জাতীয় মহিলা পরিষদের সহসভাপতি ও
আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। মহিলা পরিষদ গঠনের সময় বেলা নবী প্রয়াত কবি সুফিয়া কামালের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছেন।
১৯২৩ সালে পটুয়াখালীতে তার জন্ম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২২০৯ঘ.
bdnews24