কিশোরগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলায় শনিবার সকালে বাস চাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
নিহত শামসুল ইসলাম সেলিম (৩৬) করিমগঞ্জের পিটুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে পুলিশ জানিয়েছে। তার গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার চাঁনপুর গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম কিশোরগঞ্জ শহরের বাসা থেকে সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। সতাল নামক স্থানে সকাল ৯টার দিকে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিঁটকে রাস্তার ওপর পড়েন।
এ সময় বাস চালক সেলিমের ওপর দিয়ে বাস চালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ জানায়।
পুলিশ করিমগঞ্জ থেকে বাসটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জানান।
শামসুল নিহত হওয়ার পর করিমগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভ মিছিল বের করে। এতে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে বাস চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাও ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৫০ ঘ.
bdnews24