কেরানীগঞ্জ (ঢাকা), এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে।
'ক্রসফায়ার' নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনা এবং আদালতের অসন্তোষের মধ্যেই শনিবার ভোররাতে এ ঘটনা ঘটলো।
নিহতরা হলেন- জাহাঙ্গীর (২৮) ও সোহাগ (২৫)।
দক্ষিণ কেরানীগঞ্জের পার গেণ্ডারিয়া বালুর মাঠে 'বন্দুকযুদ্ধে' তারা নিহত হন বলে জানিয়েছেন র্যাব-১০ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক।
র্যাব বলছে, জাহাঙ্গীর আইজি গেটের এক সন্ত্রাসী দলের নেতা। সোহাগ তার সহযোগী।
র্যাব কর্মকর্তা এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে র্যাবের একটি টহল দল বালুর মাঠে ৭/৮ জন যুবককে বসে থাকতে দেখে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা এগিয়ে গেলে তারা (যুবক) র্যাব সদস্যদের লক্ষ করে গুলি করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।"
৫/৭ মিনিট 'গোলাগুলি'র পর অন্য যুবকরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জাহাঙ্গীর ও সোহাগের লাশ পাওয়া যায় বলে এনামুল জানান।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করা হয়েছে।
নিহতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ, কোতোয়ালি, সূত্রাপুরসহ বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এলএইচ/এমআই/১০৫৫ ঘ.
bdnews24