শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও প্রযুক্তি উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার ছিল উপচে পড়া ভিড়।
'মাইক্রোসফট সিএসই কার্নিভাল-১০' শীর্ষক তিনদিনের এই উৎসব শুরু হয়েছে আগেরদিন।
ল্যাপটপ মেলা, সফটওয়্যার প্রদর্শনী ও সাইবার গেম ঘিরে দশর্নার্থী, প্রতিযোগীদের সমাগমে উৎসবস্থল মিলন মেলায় পরিণত হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কম্পিউটার ল্যাবে শুরু হয় উৎসবের অন্যতম আকর্ষণী আয়োজন ওয়ার্ল্ড সাইবার গেম। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সিলেট ও সিলেটের বাইরের ১০৫ জন।
'ফিফা-১০', 'এনএফএস মোস্ট ওয়ান্টেড' 'কাউন্টার স্ট্রাইক ১.৬' নামের তিনটি গেমে প্রতিযোগীরা অংশ নেবে। প্রত্যেক প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, নগদ টাকা ও ক্র্যাস্ট।
'ওয়ার্ল্ড সাইবার গেম' সিলেট অঞ্চলের রিজিওনাল পার্টনার ও সিএসই সোসাইটির সহ-সভাপতি আবু নাসের বলেন, "সিলেট অঞ্চলে প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতায় মাত্র কয়েকদিনের প্রচারণায় আমরা আশানুরূপ সাড়া পেয়েছি।"
ওয়ার্ল্ড সাইবার গেম ও সিএসই বিভাগ ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় আকারে করবে বলে তিনি জানান।
সফটওয়্যার প্রদর্শনীতে শিক্ষার্থীদের ২২টি গ্র"প অংশ নেয়। এর মধ্যে শাবিপ্রবির আটটি গ্র"প রয়েছে।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা ধরনের সফটওয়্যার প্রদর্শন করে।
শনিবার সমাপনী দিনে গেইমিং প্রতিযোগিতা, ল্যাপটপ ফেয়ার ও সফটওয়ার প্রদর্শনীর পাশাপাশি থাকছে উৎসবের প্রধান আকর্ষণ ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি) বা জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৮টি দল এতে অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছে।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও এ উৎসবের আহ্বায়ক ড. মুহম্মদ জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ পর্যন্ত উৎসবের সবকিছুই খুব ভালোভাবে হচ্ছে। প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে।"
সমাপনী দিনের বিকালে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকা, রেড টাইমস বিডি, কম্পিউটার জগত, রেডিও ফুর্তি ও সার্বিক সহয়োগিতায় সিএসই সোসাইটি, গ্লোবাল ব্র্যান্ড, বিডিএসএন।
সহযোগিতায় আরো রয়েছে- মাইক্রোসফট, টেলিটক, দৈনিক কালের কন্ঠ, দৈনিক উত্তরপূর্ব, মেট্রোপলিটান ইউনিভার্সিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24