ভোলা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ আসনের (তজুমদ্দিন-লালমোহন) উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন মো. জসিম উদ্দিন।
মনোয়নয়পত্র প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে।
নির্বাচনে আওয়ামী লীগ জসিমকে বাদ দিয়ে মো. নূরুন্নবী চৌধুরীকে মনোয়ন দেয়। এ আসনে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ যোগ দেন সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর পাওয়া জসিম।
তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিজয়ী হন।
২০০৪ সালের ৩১ আগস্ট সেনাবাহিনী থেকে জসিমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরের পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট তার সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে।
ওই রায়ের বিরুদ্ধে জসিম উদ্দিনের আবেদন ১৮ অক্টোবর খারিজ করে আপিল বিভাগ।
গত ৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন ওই আসনটি শূন্য ঘোষণা করে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিম উদ্দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ফ্যাক্সে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পাঠিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার তাকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে তিনি জানান।
ভোলায় আসছেন সাখাওয়াত
উপনির্বাচনের আগে এলাকার সার্বিক পরিস্থিতি দেখতে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শুক্রবার তিনদিনের জন্য ভোলায় আসছেন।
ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুর ১২টায় তিনি ভোলায় পৌঁছাবেন। বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
পরদিন নির্বাচন কমিশনার তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনের ঝুকিপূর্ণ পাঁচটি ভোট কেন্দ্র পরিদর্শন করবেন। ওইদিন দুপুর ১২টায় তিনি তজুমদ্দিনে এবং সাড়ে তিনটায় লালমোহনে উপজেলা পর্যয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24