কক্সবাজার, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাড়ি-ঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে কক্সবাজারের একটি আদালতে।
মামলায় অজ্ঞাতনামা আরো ৬৭ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
হাকিম মোহাম্মদ সাহেদুল করিম মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আগামী ২৮ এপ্রিল প্রতিবেদন দিতে বলেছেন।
মামলার আসামিরা হলেন- শামলাপুরের মকবুল আহমদ (৫২), ফজল আহমদ (৫৫) ও আহমদ হোসাইন প্রকাশ।
বাদি অভিযোগ করেন, ১৯৭১ সালের ২৮ আগস্ট আসামিরা তার বাড়ি-ঘর ও দোকানে আগুন লাগিয়ে দেয়। বাড়িতে তাকে না পেয়ে 'রাজাকাররা' তার বাবাকে হত্যার চেষ্টা চালায় এবং অনেক মুল্যবান জিনিসপত্র লুট করে। এ ঘটনায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিলো।
অভিযোগে আরো বলা হয়, আসামিরা ওই এলাকায় আরো অনেক বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটায়।
সিরাজুল হক তার আরজিতে বলেন, আসামি মকবুল বর্তমানে পার্বত্য বান্দরবানে, ফজল আহমদ প্রবাসে এবং আহমদ হোসাইন নিজ গ্রামে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24