ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামে ডাকাতের গুলিতে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।
রাজবাড়ীর সদর উপজেলার হোসনাবাদ গ্রামে ডাকাতের বোমার আঘাতে আহত হয়েছে একজন।
ঢাকার সাভারে অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
নোয়াখালী: বেগমগঞ্জ থানার ওসি আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে রফিকপুর গ্রামের মোখলেছুর রহমানের (৫৬) বাড়িতে একদল ডাকাত হানা দেয়।
এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন- মোখলেছুর রহমান, মনির হোসেন (২২), মামুন (১৮) ও আবদুল হান্নান (৩২)।
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আবদুল জলিল (২৮) নামে এক ব্যাক্তি নিহত হন।
ওসি রব জানান, ডাকাতরা এক লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সাড়ে পাঁচলাখ টাকার মাল লুট করেছে মোখলেছের পরিবার অভিযোগ করেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
রাজবাড়ী: সদর থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে গ্রামের সোহরাব সর্দারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে।
ডাকাতরা তাদের লক্ষ করে তিনটি হাতবোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে শমসের আলী (৪০) নামে একজন আহত হন।
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানান এসআই।
সাভার: র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বৃহস্পতিবার ভোরে সাভারের ডগরমোড়া এলাকার দিলখুশাবাগ মাঠ থেকে ছয় ডাকাতকে অটক করা হয়েছে।
এরা হলেন- দেলোয়ার হোসেন (২১), আমজাদ হোসেন (২২), আলমগীর হোসেন (২৪), শরিফুল ইসলাম (২২), মিন্টু মিয়া (২২) ও মুরাদ মোল্লা (২০)।
এ সময় র্যাব তাদের কাছে থেকে গুলিভর্তি একটি সুটারগান ও তিনটি ধারালো ছোরা উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে তারা পেশাদার ছিনতাইকারী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24