ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গত তিন বছরে কর্মস্থলে দুর্ঘটনায় আটশ সাতজন মারা গেছেন বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 'সেফটি এণ্ড রাইটস' ও 'মানুষের জন্য'-এর যৌথ এক আলোচনা সভায় এতথ্য জানানো হয়।
'কর্মস্থলে হতাহত হওয়া থেকে রক্ষায় আইনি সংস্কার' শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন 'সেফটি এণ্ড রাইটস'র প্রকল্প পরিচালক সেকেন্দার আলী মিনা।
এতে জানানো হয়, '০৭ সালে দুশ ২২ জন, '০৮ সালে তিনশ ২০ জন এবং '০৯ সালে দুশ ৬৫ জন কর্মস্থলে নিহত হন।
নিহতদের ৯১ শতাংশ পুরুষ কর্মী। এদের ৩৭ শতাংশের বয়স ২১-৩০ বছরের মধ্যে।
নিহতের ঘটনার ২০ শতাংশ ঢাকায়। চট্টগ্রামে ১৪ শতাংশ ও নারায়ণগঞ্জে সাত শতাংশ।
দুর্ঘটনায় হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে নির্মাণ খাতে (৩৫%)। ৩২ শতাংশ ম্যানুফ্যাকচারিং খাতে ও ২৫ শতাংশ সেবা খাতে।
নিহহতদের ৩৯ শতাংশ বিদ্যুতায়িত হয়ে এবং ১৬ শতাংশ ওপর থেকে পড়ে মারা যান।
'সেফটি এণ্ড রাইটস'র চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি প্রাক্তন উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১০২ ঘ.
bdnews24