২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যশস্যে আন্তর্জাতিক দরপত্রে সময় কমানোর পরামর্শ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্যশস্য কেনায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড লেইম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 02:37 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্যশস্য কেনায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড লেইম্যান। বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার জন্য যুক্তরাষ্ট্রের নিযুক্ত এ কর্মকর্তা বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে দেখা করে এ পরামর্শ দেন। ডেভিড বলেন, "বাংলাদেশ দরপত্র খোলা এবং সিদ্ধান্ত নেওয়ায় বেশি সময় নেয়। আন্তর্জাতিক বাজারে খাদ্য মূল্য দ্রুত পরিবর্তন হয়। এ কারণে অনেকেই এসব দরপত্রে অংশ নিতে পারে না।" "এ সময় কমানো গেলে অনেক বেশি বিদেশি প্রতিষ্ঠান ও দেশ দরপত্রে অংশ নিতে পারবে," মন্তব্য করে তিনি বলেন, "এতে প্রতিযোগিতামূলক মূল্যে খাদ্যশস্য কিনতে পারবে বাংলাদেশ।" যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কাজ করতে চায় বলে জানান ডেভিড। তিনি জানান, খাদ্য নিরাপত্তায় সংশ্লিষ্ট কৃষি বিভাগসহ অন্য বিভাগের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নেও কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম বন্দরের খাদ্যশস্য সরবরাহ পদ্ধতির প্রশংসা করেন ডেভিড। তবে যুক্তরাষ্ট্র খাদ্য নিরাপত্তায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ সমর্থন করে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্র"ত অর্থ পাওয়ার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, "খাদ্য নিরাপত্তার মডেল হিসেবে জি-৮'র বৈঠকে ওবামার প্রতিশ্র"ত ১০০ মিলিয়ন ডলার থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য সহায়তা পাবে। এজন্য ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কাজ করছে।" খাদ্যমন্ত্রী খাদ্য নিরাপত্তার মডেল দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়ায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩২ ঘ.