ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বৃহস্পতিবার থেকে দু'ঘণ্টার বদলে এক ঘণ্টা করে লোডশেডিং এবং দোকান-পাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।
বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
নির্ধারিত সময়ের পর দোকান-পাট ও শপিং মল খোলা রাখলে বিদ্যুতের নিজস্ব ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।
তিনি জানান, নির্ধারিত সময়ের পর দোকান-পাট ও শপিং মলের জন্য জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।
গৃহস্থালী কাজের দিকে লক্ষ্য রেখে দু'ঘণ্টার বদলে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস সচিব জানান, বিদ্যুৎ উৎপাদনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো কীভাবে দ্রুত শেষ করা যায় তা খুঁজে বের করতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশবাসীকে বিদ্যুত ব্যবহারে আরো সাশ্রয়ী করতে প্রচার শুরুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮১৬ ঘ.
bdnews24