২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নার্সদের কর্মবিরতি

এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে এর প্রতিবাদে চাঁদপুর সদর হাসপাতালের সেবিকারা বৃহস্পতিবার সকালে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 08:37 AM

Updated : 24 Aug 2022, 08:18 PM

চাঁদপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে এর প্রতিবাদে চাঁদপুর সদর হাসপাতালের সেবিকারা বৃহস্পতিবার সকালে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ফলে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। সেবিকাদের অভিযোগ, তাদের এক সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন চাঁদপুর পৌরসভার মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফরিদা ইলিয়াস। তবে ফরিদা সে অভিযোগ নাকচ করেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি পৌর মেয়র নাসিরউদ্দিন আহমেদকেও জানানো হয়েছে বলে ডা. সিরাজ জানান। হাসপাতালের সেবিকা সাহানারা বেগম স্বপ্না সাংবাদিকদের বলেন, কাউন্সিলর ফরিদা বুধবার হাসপাতালের সেবিকা প্রতিভা মজুমদারের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি প্রতিভার অ্যাপ্রোনও ছিড়ে ফেলেন। প্রতিভা বলেন, "এক ব্যক্তি জরুরি বিভাগের বাথরুমে যেতে চাইলে তাকে বারণ করা হয়। ওই ব্যক্তি তখন ফরিদা ইলিয়াছকে ডেকে আনেন। তখন ফরিদা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আমার গায়ে থাকা এপ্রোন ছিড়ে ফেলেন।" কর্তৃপক্ষের আশ্বাস এবং রোগীদের দুর্ভোগের কথা ভেবে কর্মসূচি দীর্ঘায়িত করা হয়নি বলে সেবিকারা জানান। এ বিষয়ে যোগাযোগ করা হলে কাউন্সিলর ফরিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাথরুমে যাওয়া নিয়ে ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ বেপারীর সঙ্গে এক নার্স দুর্ব্যবহার করে। এ নিয়ে সামান্য বাকবিতণ্ডা হয়, এর বেশি কিছু নয়। পরে বিষয়টি সমাধানও হয়ে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.