ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়েবার সদস্য সন্দেহে রাজধানীর চানখারপুল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে গ্রেপ্তার মোবাশ্বের শহীদ ওরফে মুবিন ওরফে ইয়াহিয়া (২৫) পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং'এর কমকর্তা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সক্রিয় সদস্য বলে সে স্বীকার করেছে।
র্যাব কর্মকর্তা কামরুজ্জামান জানান, ইয়াহিয়া গত ৫ বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে।
"দলের সদস্য সংগ্রহই তার মূল উদ্দেশ্য। তবে এর ফাঁকে সে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে", বলেন তিনি।
ইয়াহিয়া বিভিন্ন ধরনের অস্ত্র পরিচালনায় পারদর্শী বলে র্যাব জানায়।
ইয়াহিয়া র্যাবকে জানিয়েছে, তার বাড়ি করাচির হামসি সোসাইটি ওয়ারলেস গেটে।
লস্কর ই তৈয়বার সদস্য সন্দেহে গত এক বছরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২৫০ ঘ.
bdnews24