গাজীপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় বুধবার গাজীপুরের ছয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন, কনস্টেবল নিবাস চন্দ্র সরকার ও মোমেন উদ্দিনকে সাময়িক বরখাস্ত এবং টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতোয়ার রহমান, কনস্টেবল নজরুল ইসলাম ও আমজাদ হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার গাজীপুরের বাসন সড়ক এলাকায় বৃটিশ-আমেরিকা টোবাকো কোম্পানির কার্যালয় থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় সুমনসহ চারজনকে গ্রেপ্তার হয় পুলিশের হাতে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় সুমনের নামে দ্রতবিচার ও অস্ত্র আইনে দুটি মামলা হয়।
মঙ্গলবার বিকালে পুলিশের একটি দল সুমন নিয়ে তার অপর সহযোগীদের গ্রেপ্তারের জন্য টঙ্গীর পূর্ব আরিচপুর শাহী মসজিদ সড়ক এলাকায় যায়। কনস্টেবল নিবাসের হেফাজতে সুমনকে গাড়িতে রেখে পুলিশের দলটি তার সহযোগীদের ধরতে গেলে সুযোগ বুঝে সুমন পালিয়ে যায়।
এ ঘটনায় টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/০০২০ ঘ.
bdnews24