২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে অবস্থান বদলায়নি পাকিস্তান

যুদ্বাপরাধীদের বিচারের বিষয়ে পাকিস্তান তার অবস্থান বদল করেছে বলে সংবাদ মাধ্যমে প্রচারিত আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার আশরাফ কোরেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 05:56 PM

Updated : 24 Aug 2022, 08:14 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্বাপরাধীদের বিচারের বিষয়ে পাকিস্তান তার অবস্থান বদল করেছে বলে সংবাদ মাধ্যমে প্রচারিত আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার আশরাফ কোরেশি। মঙ্গলবার তার সঙ্গে পাকিস্তানি হাই কমিশনার সাক্ষাত করার পর আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে পাকিস্তান তার আগের অবস্থান থেকে সরে এসেছে। এ বিচারে তাদের কোনো আপত্তি নেই। হাই কমিশনার জানিয়েছেন যে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের যারা জড়িত ছিলো তাদের বিচারে পাকিস্তানের হস্তক্ষেপের প্রশ্নই আসে না। পাকিস্তান এ বিচারের বিষয়ে কিছু বলবেও না।" আইনমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে কোরেশি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দেশ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আগের অবস্থানেই অনড় রয়েছে। হাই কমিশনার বলেন, "শুধু এদেশের নাগরিকদের বিচারের কারণে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিকে পাকিস্তান সব সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আসছে।" কোরেশি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঢাকা-ইসলামাবাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যে মন্তব্য করেছেন তাতে তার দেশ সন্তুষ্ট। গত ২৫ ফেব্র"য়ারি নতুন পাকিস্তানি হাই কমিশনার দীপু মনির সঙ্গে দেখা করার পর তিনি বলেছিলেন, "বাংলাদেশ পাকিস্তানী সেনাদের সহযোগী স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করবে। এবং সরকারের পরিকল্পিত এই বিচার পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।" ওইদিন দীপু মনির সঙ্গে দেখা করে কোরেশি যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে তাকে বলেছিলেন, "এটা বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং পাকিস্তান এতে কোনো হস্তক্ষেপ করবে না।" পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কোরেশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭৪ সালে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিলো আমাদের সরকার এখনো তা মেনে চলে ।" যুদ্ধাপরাধের বিষয়ে পাকিস্তান সরকারের এখন কী অবস্থান জানতে চাইলে তিনি বলেন,"আমরা এখনো সেই অবস্থানেই আছি এবং তা মেনে চলি।" কোরেশির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"পাকিস্তান আগে কখনোই এতো স্পষ্ট করে কথা বলেনি। বিভিন্ন সময় বলা হয়েছে যে, পাকিস্তান যুদ্ধাপরাধের বিচারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তাই আমি গণমাধ্যমকে বলেছিলাম, পাকিস্তান এ ব্যাপারে তার অবস্থান বদলেছে।" বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/কেআরসি/ডিবি/এলএন/এইচএ/২৩৪২ ঘ.