চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র জমা দেওয়া নিয়ে তর্কাতর্কির জেরে বুধবার রাতে চট্টগ্রাম নগরীতে এক প্রকৌশলী খুন হয়েছেন।
নিহত সঞ্জিত কুমার দাশ (৪২) একটি বেসরকারি কোম্পানিতে তড়িৎ প্রকৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন। থাকতেন নগরীর চন্দনপুরা এলাকায়।
খুলশী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. আজগর নামের রেলওয়ের এক ঠিকাদার দুপুরে দরপত্র জমা দিতে যান নগরীর বটতলী এলাকায় রেলওয়ে দপ্তরে। তার সঙ্গে যান বন্ধু সঞ্জিত কুমার দাশ।
দরপত্র জমা দেওয়া নিয়ে আজগর ও সঞ্জিতের সঙ্গে আরেকটি ঠিকাদারের লোকজনের কথা কাটাকাটি হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, রাত ৮টার দিকে আজগর ও সঞ্জিত টাইগারপাস স্পোর্টিং ক্লাবে গল্প করার সময় দুপুরের ঘটনার জেরে প্রতিপক্ষরা লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়।
পুলিশ এসে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সঞ্জিত মারা যান।
হামলাকারীদের মধ্যে মুরাদ আলী নামের একজনের নাম জানা গেলেও কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24