ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় অস্ত্র ও বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সীমান্ত রক্ষী বাহিনী।
অন্যদিকে মাদারীপুরের শিবচরে সাতটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুষ্টিয়া প্রতিনিধি জানান, দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামে বুধবার ভোরে অভিযান চালিয়ে বায়েজিদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিডিআরের অভিযানে বায়েজিদের বাড়িতে একটি বন্দুক এবং হাতে তৈরি দুটি বোমা পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়।
বায়েজিদের বিরুদ্ধে থানায় কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে ওসি জানান। অস্ত্র-বোমা উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।
মাদারীপুর প্রতিনিধি জানান, শিবচরের নিখলি ইউনিয়নের একটি বাড়ির পাশের কলাবাগান থেকে বুধবার সাতটি তাজাবোমা উদ্ধার করা হয়।
শিবচর থানার ওসি মো. আবদুল জলিল সাংবাদিকদের বলেন, বোমাগুলো একটি ব্যাগে রাখা ছিলো। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24