২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযম নিজামী মুজাহিদের মতো 'চিহ্নিতদের' গ্রেপ্তার দাবি

গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদদের মতো চিহ্নিত রাজাকারদের গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 12:07 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদদের মতো চিহ্নিত রাজাকারদের গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধে চিহ্নিতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার পুরানো হাইকোর্ট ভবনে এ সংক্রান্ত ট্রাইবুনালের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। তদন্ত সংস্থার প্রধানের কাছেও একই দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আহ্বায়ক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্য সচিব এমদাদ হোসেন মতিন। "গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদদের মতো চিহ্নিত রাজাকারদের আটক না করা হলে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াবে," বলেন এমদাদ। এরা তদন্ত কাজে বাধা সৃষ্টি করবে মন্তব্য করে এমদাদ বলেন, "আর দেরি না করে খুব দ্রুত এদের গ্রেপ্তার করতে হবে।" "একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধীরা সারাদেশে সভা-সমাবেশ করে তদন্ত কাজে বাধা সৃষ্টির চেষ্টা করছে," জানিয়ে এমদাদ বলেন, "ইতিমধ্যে একজন চিহ্নিত অপরাধী মীর কাশেম আলী দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই এই মুহূর্তে এদের গ্রেপ্তার করা প্রয়োজন।" স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধা সংসদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৭৫১ ঘ.