নারায়ণগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার সকালে বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইনের উচ্চ ক্ষমতার একটি টাওয়ারে উঠে পড়ে এক মানসিক প্রতিবন্ধি।
আয়েশা আক্তার তমা (২২) নামের ওই তরুণী সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার আনিস মৃধার মিয়ার মেয়ে।
পরে দমকলের লোকজন এসে চারঘণ্টা পর অক্ষত অবস্থায় তাকে ওখান থেকে নামিয়ে আনে।
সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটি আবাসন প্রকল্প এলাকায় দুইশ' ফুট উঁচুতে অবস্থিত বিদ্যুতের ২৩০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, সকাল ৯টার দিকে জাতীয় সঞ্চালন লাইনের ২ লাখ ৩০ হাজার ভোল্টের (২৩০ কেভি) বৈদ্যুতিক লাইনের টাওয়ারের মাথায় উঠে আয়েশা আক্তার তমা হাঁটাহাঁটি করতে থাকে।
জাতীয় সঞ্চালন লাইনের এই স্থানে হাঁটার জায়গা থাকলেও বিদ্যুতের প্রশিক্ষিত লোকজন ছাড়া কেউ ওখানে যেতে পারে না।
এলাকার লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ, বিদ্যুৎ ও দমকল বাহিনীর লোকজন আসে।
সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের উপর দিয়ে যাওয়া মেঘনা-হাসনাবাদ জাতীয় সঞ্চালন লাইন বন্ধ করে দেওয়া হয়।
দুপুর ১২টার দিকে ঢাকার রমনা দমকলের বিশেষ টিম এসে একশ' ৫১ ফুট উঁচু মই দিয়ে উদ্ধার কাজ শুরু করে। পৌনে ১টায় তারা অক্ষত অবস্থায় তমাকে নামিয়ে আনে।
দুপুর ১টা ২৯ মিনিটে মেঘনাঘাট-হাসনাবাদ জাতীয় সঞ্চালন আবার চালু করা হয়।
মেয়েটি মানসিক প্রতিবন্ধি বলে পরিবারের বরাত দিয়ে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24