ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা নেওয়া বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত দেবে আদালত।
মঙ্গলবার নির্ধারিত দিনে এ বিষয়ে আদেশ দেননি ঢাকার মহানগর হাকিম এএকএম এমদাদুল হক।
আগামি বৃহষ্পতিবার আদেশের দিন নির্ধারণ করেন তিনি।
বাদির একজন আইনজীবী শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আদেশের তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন মাদারীপুরের মাহামুদসি গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
গত ২৭ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভায় সাদেক হোসেন খোকা বলেন, "জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।"
তার এ বক্তব্যে ক্ষুদ্ধ হয়ে মামলা করেন সিদ্দিকুর ।
মামলার আরজিতে বলা হয়, ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় প্রবাসী বাংলাদেশি সরকার। ওই সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বর্তমান মেহেরপুর জেলার সদর থানার ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে সাতদিন পরে ১৭ এপ্রিলে প্রবাসী বাংলাদেশি সরকার শপথ নেয়।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং তিনি প্রধানমন্ত্রী হন উল্লেখ করে আরজিতে বলা হয়, বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপর রাষ্ট্রপতি হন মোহাম্মদ উল্লাহ চৌধুরী। এরপর বঙ্গবন্ধু আবারো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং নিজে বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি হন।
এরপর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ১৯৭৫ সালের ২০ আগস্ট খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হন উল্লেখ করে আরজিতে আরো বলা হয়, সেবছরের ৬ নভেম্বর রাষ্ট্রপতি হন আবু সাদাত মোহাম্মদ সায়েম। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান।
আরজিতে বলা হয়, অভিযুক্ত ওই উক্তি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকার করেছেন।
মামলার বিবরণে বলা হয়,সাদেক হোসেন অসৎ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনমনে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করেছেন যা রাষ্ট্রদ্রোহিতার সামিল।
ঘটনার পরদিন খবরের কাগজে ওই খবর পড়ে বাদি ক্ষুব্ধ হন বলে উল্লেখ করা হয় মামলার আরজিতে।
আরজিতে বাদির বর্তমান ঠিকানা উল্লেখ করা হয় বংশালের ২১/১, হাজী আবদুর রশিদ লেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২৪০ ঘ.
bdnews24