ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১২ জেলা শহরকে 'স্বাস্থ্যসম্মত শহর' হিসেবে ঘোষণা করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস। 'নগর জীবনে স্বাস্থ্যসেবা' এ প্রতিপাদ্য নিয়ে এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে।
ইতোমধ্যে চট্টগ্রামকে স্বাস্থ্যসম্মত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরকারের পরিকল্পিত ১২ শহরের নাম না জানিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'শহরগুলোতে স্বাস্থ্যসেবা উন্নয়ন, সংরক্ষণ, সেবার মান বৃদ্ধি এবং ব্যবস্থাপনায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।'
বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি খাতে হাসপাতালের সংখ্যা ২২১৩টি বলে জানান তিনি। হাসপাতালের শয্যাসংখ্যা ৫১ হাজার ৬৮৪টি। জনসংখ্যা ও শয্যাসংখ্যার অনুপাত ২৬৬৫:১।
জনসংখ্যা ও চিকিৎসকের অনুপাত ৩০১২:১, জনসংখ্যা ও নার্সের অনুপাত ৬৩৪২:১।
চিকিৎসক ও নার্সের এ আনুপাতিক হার সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন রুহুল হক।
তিনি বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১৩ হাজারের বেশি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য সহকারীর নিয়োগ এ মাসের মধ্যেই সম্পন্ন হবে।
ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোকে উপযুক্ত নগর হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "গৃহীত পদক্ষেপের মধ্যে নিু আয়ের মানুষের সংখ্যা অর্ধেক কমিয়ে আনা উল্লেখযোগ্য।"
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, শিশু স্বাস্থ্য প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দুয়াংবেদী সাংকোবল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২৩০৯ ঘ.
bdnews24