ঝিনাইদহ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে এক মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন নিহতের এক সহযোদ্ধা।
মঙ্গলবার ঝিনাইদহের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে শৈলকুপা উপজেলার যুগনি গ্রামের জুমারত হোসেন মামলাটি করেন সদর উপজেলার কোদাল গ্রামের নাজমুল হকের বিরুদ্ধে।
বিচারক মো. মাসুদুর রহমান অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে শৈলকুপা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, ৭১ সালের ৩১ আগস্ট মুক্তিযোদ্ধা জুমারত তার সহযোদ্ধা মধু মিস্ত্রির বাড়িতে আশ্রয় নেন। সে খবর পেয়ে নাজমুল পাকিস্তানি বাহিনীর কাছে তাদের ধরিয়ে দেন।
পাকিস্তানি সেনারা জুমারত ও মধুকে বেদম পেটিয়ে হাত-পা বেঁধে কুমার নদে ফেলে দেয়।
জুমারত বেঁচে গেলেও মধু মিস্ত্রি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24