ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে সোমবার সকালে মিনিবাসের ধাক্কায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য মারা গেছেন।
নিহত শাহীনুর ইসলাম (৩২) র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়ার থানার অর্জুনগাড়ী গ্রামে।
গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীনুর উত্তরার বাসা থেকে সকাল পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে করে বের হন। তিনি একটি প্রশিক্ষণে অংশ নিতে মালিবাগে সিআইডি কার্যালয়ে যাচ্ছিলেন।
ওসি জানান, বনানীর ঢাকা গেটের কাছে পৌঁছালে চলাচল পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে শাহীনুরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।
বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে বলে তিনি জানান।
শাহীনুর ইসলামের মুত্যুতে র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার শোক প্রকাশ করেছেন।
দুপুরে র্যাব সদর দপ্তরে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এমএসবি/২২০০ ঘ.
bdnews24