২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনেও ছিলনা বিরোধী দল

প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতেই সোমবার রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি টানলেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতেই সোমবার রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি টানলেন স্পিকার আবদুল হামিদ। অধিবেশনের সমাপ্তি টানার আগে স্পিকার এ সংক্রান্ত রাষ্ট্রপতির একটি আদেশও পড়ে শোনান। ৩৯ কার্যদিবসের এ অধিবেশন নবম সংসদের দীর্ঘতম অধিবেশন। এর আগে সংসদকে কার্যকর করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান আবদুল হামিদ। সরকার ও বিরোধী দলের পারস্পরিক আস্থার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "গণতন্ত্রের স্বার্থে সরকারি ও বিরোধী দল পরস্পরকে আস্থায় নিতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। বিরোধীতার জন্য বিরোধীতা না করে জাতীয় বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করতে হবে।" সংসদকে সব দল, মত ও পথের মিলনকেন্দ্রে পরিণত করার আহ্বান জানান স্পিকার। সেইসঙ্গে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, "বারবার অশুভ শক্তি আমাদের গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করেছে। স্বাধীনতার ৩৯ বছর অতিবাহিত হলেও আমরা গণতন্ত্রকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি নি।" স্পিকার সংসদ পরিচালনায় সহায়তার জন্য সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, উপনেতা, মন্ত্রিসভার সদস্য, সরকার ও বিরোধী দলের চিফ হুইপসহ সব সংসদ সদস্য, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। গত ৪ জানুয়ারি নবম সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। দুই দফা দীর্ঘ বিরতিতে এর কার্য দিবসের সংখ্যা ছিল ৩৯ দিন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০০৯ সালের ২৫ জানুয়ারি। দ্বিতীয় অধিবেশন থেকে প্রধান বিরোধী দল সংসদ বর্জন করলেও টানা ৬৫ দিন পর ১১ ফেব্র"য়ারি চতুর্থ অধিবেশনে আবার যোগ দেয়। এই অধিবেশনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ১১ ফেব্র"য়ারি ও ৪ এপ্রিল এই দু'দিন মাত্র সংসদে আসেন। রোববার রাতে সংসদ সদস্যদের বেতন-ভাতা সংক্রান্ত বিল পাসের আগে এতে আপত্তি জানিয়ে ১৫ মিনিট বক্তব্য রাখেন তিনি। এরপর তার নেতৃত্বে বিলটি পাসের প্রতিবাদে ওয়াক আউট করে বিরোধী দল।এরপর আর সংসদের চতুর্থ অধিবেশনে ফিরে আসেন নি তারা। নবম সংসদের চতুর্থ অধিবেশনই ছিল দীর্ঘতম। চলতি অধিবেশনে ২৩ বিল পাস হয়েছে। চলতি সংসদে ৩৪টি বিল উত্থাপিত হয়। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং 'বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের রায় কার্যকর হওয়ায়' ধন্যবাদ গৃহীত হয়। রাষ্ট্রপ্রতির ভাষণের উপর সরকার ও বিরোধী দলের ২৩৬ জন সদস্য আলোচনায় অংশ নেন এবং প্রায় ৪৩ ঘণ্টা ধরে তারা আলোচনা করেন । এ অধিবেশন চলতি বছরের প্রথম অধিবেশন হওয়ায় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেন। এ অধিবেশনে প্রথমবারের মতো বাজেট বাস্তবায়নের অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/এসএম/এমএইচসি/পিসি/জেএফ/এইচএ/২১১৩ ঘ.