গোপালগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় রোববার রাতে দুর্বৃত্তের হামলায় সাবেক বিডিআর সদস্যসহ তার পরিবারের তিনজন আহত হয়েছেন।
আহতরা বিডিআর অবসরপ্রাপ্ত হাবিলদার শামসুল আরেফিনকে (৭৫) খুলনা জেনারেল হাসপাতাল এবং তার মেয়ে দিলরুবা (২৬) ও ছেলে আব্দুর রহমানকে (১৬) গোপলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ হামলাকারী মনির মোল্লাকে গ্রেপ্তার করেছে।
চিকিৎসাধীন দিলরুবা সাংবাদিকদের বলেন, "সন্ত্রাসী মনির মোল্লা রোববার রাতে আমাদের বাড়িতে ঢুকে রাম দা দিয়ে কুপিয়ে আমাদের মারাত্মক জখম করে।
"মনির দু'দিন আগে আমাদের ঘরের গ্রিল কেটে চুরি করতে এলে আমরা তাকে দেখে ফেলি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে সে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।"
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.
bdnews24