২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্যাঞ্চলের ভূমিবিরোধ দ্রুত নিষ্পত্তি করা হবে'

পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমিবিরোধ যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে তা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন পাবর্ত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 12:42 PM

Updated : 24 Aug 2022, 08:12 PM

বান্দরবান, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমিবিরোধ যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে তা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন পাবর্ত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। এ জন্য সব মহলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, "কমিশন চেষ্টা করবে নিরপেক্ষ ও সঠিকভাবে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান ভূমি সমস্যা নিষ্পত্তি করতে।" সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিচারপতি খাদেমুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কমিশন তার কার্যক্রম শুরু করে অনেক দূর এগিয়ে এসেছে। সকাল ১১টায় বান্দরবান সার্কিট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও পাবর্ত ভূমি কমিশনের সদস্য মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল আবছার, অতিরিক্ত পুলিশ সুপার নিহাররঞ্জন হাওলাদার, ভূমি কমিশনের সদস্য বোমাং সার্কেল প্রধানের প্রতিনিধি চহ্লাপ্র" জিমি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, জেলার যেসব বাসিন্দার জমি বেদখল হয়েছে, যাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে কিংবা জমি নিয়ে বিরোধ রয়েছে তাদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ির আবেদনপত্র সেখানে স্থাপিত কমিশনের প্রধান কার্যালয়ে এবং বান্দরবান ও রাঙামাটি জেলার আবেদনপত্র জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক আরো জানান, এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি রোববার বান্দরবান শহরে মাইকিং করে প্রচার করা হয়েছে। এতে বলা হয় মাইকিং করার দিন থেকে আগামী সাতদিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ভূমি বিরোধ নিরসনসহ সরকারি কাজের সুবিধার জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমি জরিপের কাজ দ্রুত শেষ করতে সরকার এ কমিশন গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী গত বছরের ১৯ জুন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি দায়িত্ব নেওয়ার পরই ভূমি জরিপ শুরু করার ঘোষণা দেন। তবে এখন পর্যন্ত কমিশন এ কাজ শুরু করতে পারেনি। পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) জরিপের আগে ভূমিবিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৯ ঘ.