নারায়ণগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার আড়াইহাজার উপজেলার বঙ্গারচর এলাকায় রোববার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিকসামগ্রীসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিবুল্লাহ (৩৮) ও আব্দুল বারেক (৫০)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি টেলিভিশন, পাঁচটি ডিভিডি এবং তিনটি সাউন্ড সিস্টেম।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে ঢাকা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমান ইলেকট্রনিক সামগ্রী বঙ্গারচরে নিয়ে আসে হাবিবুল্লাহ ও বারেক।
রোববার সকালে ট্রাক থেকে সামগ্রীগুলো নামিয়ে একটি পোল্ট্রি খামারের ভেতরে রাখার সময় এলাকাবাসীর নজরে পড়ে। তারা বিষয়টি পুলিশকে জানায়।
পরে পুলিশ গিয়ে খামারের ভেতর থেকে এসব মাল উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করে।
ঢাকার কোনো একটি ইলেকট্রনিকসামগ্রীর দোকানের গুদাম থেকে এসব মাল লুট করা হয়েছে বলে জানান ওসি নজরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৪৯ ঘ.
bdnews24